This article is in Bengali.এই লেখাটি বাংলায়।यह लेख बांग्ला में है। Also available in:অন্য ভাষায়:अन्य भाषाओं में: English
এসসিটালোপ্রাম একটি এসএসআরআই (SSRI) গোত্রের অ্যান্টিডিপ্রেস্যান্ট। মস্তিষ্কে সেরোটোনিন নামের রাসায়নিক বার্তাবাহকের কাজ ঠিক করে মন ও দুশ্চিন্তার ভারসাম্য ফেরাতে সাহায্য করে। বাজারে নানা ব্র্যান্ড নামে পাওয়া যায়; প্রেসক্রিপশনে মূল নামটি মিলিয়ে নিন।
সংক্ষেপে
- কীসে দেওয়া হয়: ডিপ্রেশন, সারাক্ষণ দুশ্চিন্তা, প্যানিক অ্যাটাক, সামাজিক ভীতি, কখনো কখনো ওসিডি।
- কাজ শুরু: সাধারণত ২ থেকে ৪ সপ্তাহে উন্নতি বোঝা যায়, পুরো ফল পেতে আরও কিছু সপ্তাহ লাগতে পারে।
- নেশা হয় না, তবে নিজে থেকে হঠাৎ বন্ধ করলে অস্বস্তি হতে পারে।
- ডোজ ও কতদিন চলবে, তা ঠিক করবেন আপনার চিকিৎসক।
কীভাবে খাবেন
দিনে একবার, প্রতিদিন মোটামুটি একই সময়ে, খাবারের আগে বা পরে, যেভাবে সুবিধা। সকালে খেলে ঘুমের অসুবিধা কম হয়; ঘুম-ঘুম ভাব লাগলে রাতে খাওয়া যায়, চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন। একটি ডোজ ভুলে গেলে মনে পড়ামাত্র খেয়ে নিন, কিন্তু পরের ডোজের সময় হয়ে গেলে আগেরটা বাদ দিন; দুটো একসঙ্গে খাবেন না।
প্রথম কয়েক সপ্তাহে যা হতে পারে
- বমি-বমি ভাব, পেট খারাপ বা অম্বল।
- মাথাব্যথা, ঘুমের গোলমাল (কম বা বেশি ঘুম)।
- শুরুর দিকে উদ্বেগ বা অস্থিরতা সামান্য বাড়তে পারে।
- ঘাম বেশি হওয়া, মুখ শুকিয়ে যাওয়া।
- যৌন ইচ্ছা কমে যাওয়া বা অন্য যৌন অসুবিধা; লজ্জা না করে চিকিৎসককে বলুন, সমাধান আছে।
এই অসুবিধাগুলো বেশিরভাগ ক্ষেত্রে এক-দু’সপ্তাহে কমে যায়।
যা খেয়াল রাখবেন
- হার্টের অসুখ বা অনিয়মিত হৃৎস্পন্দন থাকলে আগে জানান; বেশি ডোজে হৃৎস্পন্দনের ছন্দে প্রভাব পড়তে পারে, প্রয়োজনে ইসিজি করা হয়।
- ব্যথার ওষুধ (আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক জাতীয়) বা রক্ত পাতলা করার ওষুধের সঙ্গে রক্তপাতের ঝুঁকি বাড়ে।
- মাইগ্রেনের ট্রিপট্যান, ট্রামাডল বা অন্য অ্যান্টিডিপ্রেস্যান্ট একসঙ্গে চললে চিকিৎসককে জানান।
- মদ্যপান এড়িয়ে চলুন; মন খারাপ ও উদ্বেগ বাড়ায়।
- গর্ভাবস্থা বা স্তন্যপান চলাকালীন বা পরিকল্পনা থাকলে আগে আলোচনা করুন।
- ২৫ বছরের কম বয়সে শুরুর কয়েক সপ্তাহ বাড়ির লোক খেয়াল রাখুন, অস্থিরতা বা নিজের ক্ষতির চিন্তা আসছে কি না।
এগুলো হলে দেরি না করে ডাক্তারকে জানান
- নিজের ক্ষতি করার বা মরে যাওয়ার চিন্তা আসা বা বেড়ে যাওয়া।
- খুব বেশি অস্থিরতা, কাঁপুনি, জ্বর, পেশি শক্ত হয়ে যাওয়া, বিভ্রান্তি।
- অস্বাভাবিক রক্তপাত বা কালো পায়খানা।
- হঠাৎ অতিরিক্ত উৎফুল্ল ভাব, ঘুম না লাগা, খুব বেশি কথা বলা।
- জরুরি প্রয়োজনে: টেলি-মানস ১৪৪১৬ (বিনামূল্যে, ২৪ ঘণ্টা) বা ১১২।
আপনার প্রশ্ন
ভালো লাগছে, এখন কি বন্ধ করে দিতে পারি?
সুস্থ বোধ করার পরও সাধারণত আরও কয়েক মাস ওষুধ চালাতে হয়, না হলে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে। বন্ধ করার সময় চিকিৎসক ধীরে ধীরে ডোজ কমাবেন।
হঠাৎ বন্ধ করলে কী হয়?
মাথা ঘোরা, গা ঝিমঝিম, খিটখিটে মেজাজ, ঘুমের গোলমাল বা "শক" লাগার মতো অনুভূতি হতে পারে। তাই নিজে থেকে বন্ধ করবেন না।
ওজন কি বাড়ে?
অল্প কিছু মানুষের দীর্ঘদিন খেলে ওজন সামান্য বাড়তে পারে। নিয়মিত হাঁটা ও খাওয়াদাওয়ায় নজর রাখলে তা সামলানো যায়।
General health information, not a diagnosis or a substitute for seeing a doctor. If you are thinking of harming yourself, call Tele-MANAS 14416 (free, 24×7) or 112 now.এই লেখাটি সাধারণ স্বাস্থ্য-তথ্য, রোগনির্ণয় বা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। নিজের ক্ষতি করার চিন্তা এলে এখনই টেলি-মানস ১৪৪১৬ (বিনামূল্যে, ২৪ ঘণ্টা) বা ১১২-এ ফোন করুন।यह लेख सामान्य स्वास्थ्य जानकारी है, निदान या डॉक्टर की सलाह का विकल्प नहीं। ख़ुद को नुकसान पहुँचाने के विचार आएँ तो अभी टेली-मानस 14416 (मुफ़्त, 24×7) या 112 पर कॉल करें।